দুই জেলায় পৃথক ট্রাক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সিঙ্গুরিয়া ব্রিজের ওপর ভূঞাপুর-টাঙ্গাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে। এদিকে, নরসিংদীর বেলাবতে মালবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (১৮) নামে এক হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন জন।
টাঙ্গাইলে নিহতরা হলেন—ভূঞাপুর উপজেলার কাগমারীপাড়া গ্রামের ইউসুফের ছেলে রশিদ (১৫), একই গ্রামের লাল মিয়ার ছেলে মুন্না (২০) ও সৌরভ (১৫)। নিহতরা মোটরসাইকেলের আরোহী। ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুরাদ হোসেন বলেন, ‘ফ্রেশ কোম্পানির একটি ট্রাক ভূঞাপুর-টাঙ্গাইল সড়কের ঘাটাইল উপজেলার সিঙ্গুরিয়া ব্রিজের ওপর পৌঁছালে বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলকে জোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন জনের মধ্যে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।’
এদিকে নরসিংদীর বেলাবতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত সাইফুল ইসলাম হবিগঞ্জের লাখাই থানার জহিরুল ইসলামের ছেলে। তিনি সিমেন্টবাহী ট্রাক চালকের সহকারী ছিলেন। ভৈরব হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্টবাহী একটি ট্রাক সিলেটের দিকে এবং সিলেট থেকে ছেড়ে আসা পাথরবাহী আরেকটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দিতে ট্রাক দুটি পরস্পর অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে দুইটি ট্রাকই মহাসড়কে উল্টে পড়ে যায়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস এসে দুই ট্রাকের ভেতর থেকে চালক ও সহকারী চার জনকে উদ্ধার করে। তাদের মধ্যে সিমেন্টবাহী ট্রাকের চালকের সহযোগী সাইফুল ইসলামকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আহত তিন জনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় পাঠানো হয়।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে আমাদের থানায় আনা হয়েছে। তার পরিবারের সদস্যদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।